আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার ও তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মুক্তি সরকার (৩৫) গত ৪ মার্চ আশাশুনি থানায় মামলাটি (নং-০২) দায়ের করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন: বিজয় কুমার জোয়ার্দার (৩৭), তার প্রেমিকা ফাগুনী সুমি কাসারী (২৫), মাতা উষা রাণী জোয়ার্দার (৬৫), বাবা পরিমল কুমার জোয়ার্দার (৭০) এবং ভাই পরিতোষ কুমার জোয়ার্দার (৩২)।
মুক্তি সরকারের অভিযোগ, ২০১৬ সালে আদালতের মাধ্যমে এবং ২০২২ সালে পারিবারিকভাবে হিন্দু রীতিনীতি অনুযায়ী বিজয় কুমার জোয়ার্দারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তার পরিবার বিভিন্ন উপহার প্রদান করলেও সম্প্রতি ৫০ লাখ টাকা যৌতুকের দাবি করা হয়। এই অর্থ দিতে না পারায় মুক্তিকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়।
এছাড়া, মুক্তি সরকার অভিযোগ করেন, অতীতে তার অনিচ্ছায় গর্ভপাত বাধ্য করা হয়েছিল। এরপর ২৩ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারতের চেন্নাই সফর করেন। দেশে ফেরার পর ২৪ ফেব্রুয়ারি আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে অবস্থানকালে পুনরায় যৌতুকের দাবিতে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হয়ে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
মামলায় নারীর ওপর যৌতুক দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং দ্বিতীয় বিয়ে সংক্রান্ত অভিযোগও উল্লেখ করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-০৩) ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
বিজয় কুমার জোয়ার্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
১০৫ বার পড়া হয়েছে