নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৪:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অগ্নিসংযোগে শ্রমিক সেলিম মন্ডল নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন এই আদেশ দেন। এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিক সেলিম মন্ডলসহ তিনজন দগ্ধ হয়ে মারা যান। ঘটনার তদন্তে আইভীকে গ্রেফতার দেখানো হয়। ২ মার্চ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন আদালতে বলেন, “মামলার মূল এজাহারে আইভীর নাম নেই। তদন্ত কর্মকর্তা তাকে মনগড়াভাবে মামলায় যুক্ত করেছেন। যদি এজাহারকারীরা তাকে চিনতেন, তবে অবশ্যই তার নাম উল্লেখ করতেন।” তিনি জানান, এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
গত বছরের ৯ মে ভোরে নিজের বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেফতার করা হয়েছিল। ফতুল্লা ও সদর থানায় দায়ের করা অন্যান্য হত্যা ও হামলার মামলায় তিনি ইতোমধ্যে জামিন পেয়েছেন। তবে নতুন মামলায় জামিন না হওয়ায় তার মুক্তি ঝুলে আছে। নারায়ণগঞ্জের রাজনীতিতে এই ধারাবাহিক মামলা ও গ্রেফতারের বিষয়টি বর্তমানে ব্যাপক আলোচিত।
১২৩ বার পড়া হয়েছে