শ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে আসছে আরও একটি ইরানি যুদ্ধজাহাজ, যা মার্কিন সাবমেরিন হামলার পর উদ্বেগ বাড়িয়েছে।
কলম্বোর গণমাধ্যম বিষয়ক মন্ত্রী নালিন্দা জয়তিসা জানিয়েছেন, দ্বিতীয় যুদ্ধজাহাজটি এখনও শ্রীলঙ্কার জলসীমার বাইরে অবস্থান করছে। তবে জাহাজটির সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি দেননি। সরকারি সূত্রগুলো জানিয়েছেন, জাহাজটিতে শতাধিক নাবিক রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বুধবারের মতো এটি হামলার শিকার হতে পারে।
গত বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিনের আঘাতে ইরানের একটি মাঝারি আকারের রণতরী ডুবে যায়। হামলায় অন্তত ৮৭ জন নাবিক নিহত হয়েছেন। এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত বাইরের এলাকায় ছড়িয়ে পড়েছে। শ্রীলঙ্কা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং দেশটির পক্ষ থেকে সংকট সমাধানে সংলাপের আহ্বান জানানো হয়েছে।
এদিকে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গল কর্তৃপক্ষ বৃহস্পতিবার নিহতদের মরদেহ হস্তান্তর শুরু করেছে। গল হাসপাতালের কর্মকর্তাদের মতে, উদ্ধার হওয়া ৩২ জন ইরানি নাবিক চিকিৎসাধীন রয়েছেন। তাদের নিরাপত্তার জন্য পুলিশ ও বিশেষ কমান্ডো মোতায়েন করা হয়েছে। হাসপাতালের জরুরি সেবা ইউনিট সাধারণ দর্শনার্থী ও অন্যান্য রোগীদের জন্য বন্ধ রাখা হয়েছে। ইরানি নাবিকদের জন্য আলাদা একটি ওয়ার্ড তৈরি করা হয়েছে। এক নার্স নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশিরভাগের আঘাত সামান্য হলেও কিছু নাবিকের হাড় ভেঙে গেছে এবং দগ্ধ হয়েছেন।
শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পথ জানিয়েছেন, নিখোঁজ ইরানি নাবিকদের খুঁজে বের করতে নৌবাহিনী তল্লাশি চালাচ্ছে। তবে মাঝারি রণতরীতে হামলার বিষয়ে এখনো ইরান কোনো মন্তব্য করেনি।
১২১ বার পড়া হয়েছে