জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে মুখোমুখি বাইক সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় ঘটেছে।
নিহতরা হলেন মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার কাজল মিয়া (৪২) ও তার ভাতিজা আকাশ মিয়া (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারের একটি সেলুনে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ২টার দিকে মাহমুদপুর থেকে বাড়ির দিকে ফেরার সময় কাজল মিয়া ও আকাশ মিয়ার বাইক মিয়ারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আকাশ মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত কাজল মিয়াকে প্রথমে মেলান্দহ হাসপাতালে নেওয়া হয়, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর পুলিশ রাতেই দু’টি বাইক এবং নিহতদের মরদেহ উদ্ধার করে মেলান্দহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় আহত অন্য বাইক চালক সাইম (২২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনার সঙ্গে জড়িত বাইক উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
১০৪ বার পড়া হয়েছে