চারঘাটে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান আবু সাইদ চাঁদের
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, অতীতে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা সীমিত ছিল এবং নানা চাপের মধ্যে থেকে গণমাধ্যমকে কাজ করতে হয়েছে।
বর্তমান সময়ে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
বুধবার দুপুরে চারঘাট উপজেলা প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু সাইদ চাঁদ বলেন, দেশ পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের ধারায় সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশ করা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমার বা আমার দলের কোনো ভুল থাকলে নির্দ্বিধায় তুলে ধরবেন। এতে আমাদের দায়িত্ব পালনে আরও স্বচ্ছতা আসবে।”
তিনি জানান, চারঘাট-বাঘা এলাকায় অন্যায় ও অবিচার দূর করে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার জন্য তিনি কাজ করছেন। অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এমপি চাঁদ আরও বলেন, মাদক ও অবৈধ পুকুর খননের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন এবং এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সম্প্রতি চারঘাটের সিপাইপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতির হত্যাকাণ্ডের ঘটনায় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।
তিনি সাংবাদিকদের ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ করেন, যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন।
অনুষ্ঠানের শেষে চারঘাট প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন এমপি আবু সাইদ চাঁদ।
চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু, সহসভাপতি ময়েন উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা এবং দপ্তর সম্পাদক কে এম জুবায়ের ইসলাম।
১০৫ বার পড়া হয়েছে