রাজশাহীর মোহনপুরে ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর মোহনপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৪ নম্বর মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার পেয়ারাবাগান এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম সৌমিক। তিনি জয়পুরহাট জেলার আঙ্কেলপুর থানার তিলকপুর গ্রামের আপেল মাহমুদের ছেলে।
দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
১০৪ বার পড়া হয়েছে