চৌডালায় সেনা ক্যাপ্টেনের নামে জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদ
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৬:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদরাসা মোড়ে মানববন্ধন করে ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যু খ্যাত শাহ আলম ওরফে কাজল ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের জমি দখল করছে। বাধা দিতে গেলে তার গুন্ডা বাহিনী দ্বারা হামলা ও মারধরের ঘটনা ঘটছে। এমনকি জমির প্রকৃত মালিকদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করছে। এতে ভুক্তভোগীরা কষ্ট পাচ্ছে।
বক্তারা জমি দখলকারী ভুয়া ক্যাপ্টেনের তদন্তপূর্বক বিচারের দাবি জানান। তারা আরও বলেন, গোমস্তাপুর থানার এএসআই সাইদুরের সঙ্গে যোগসাজশ করে এসব অপকর্ম চালাচ্ছেন শাহ আলম ওরফে কাজল। যাদের জমি দখল করা হয়েছে, তাদেরকেই হুমকি ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করছে এএসআই সাইদুর। পাশাপাশি জমির প্রকৃত মালিকদের বিরুদ্ধে শাহ আলম ওরফে কাজল তিনটি মিথ্যা মামলা দায়ের করেছে।
মানববন্ধনে বক্তারা জানান, এখন পর্যন্ত চৌডালা ইউনিয়নের মাদরাসা মোড় এলাকার শরিফুল ইসলামের ৭ কাঠা, রোকনের সাড়ে ১৩ কাঠা, জোসনা বেগমের ২ কাঠা, আব্দর রাজ্জাকের ৯ কাঠা ও বাঘমারার তুহিনের সাড়ে ৩ কাঠা জমি দখল করেছে শাহ আলম ওরফে কাজল। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন বদিউর রহমান, আব্দুল মতিন, তুহিন, জোসনা খাতুন, সাইদুর রহমানসহ অন্যান্যরা।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যাপ্টেন পরিচয়দানকারী শাহ আলম ওরফে কাজলকে পাওয়া যায়নি। তার এসব জমি দেখাশোনার দায়িত্বে থাকা আপন মামা তাজেমুল হক বলেন, “আমার ভাগনে নিজে পরিচয় দেয় না, লোকে তাকে ক্যাপ্টেন বলে ডাকে। সকল জমি কাগজপত্রের ভিত্তিতেই দখলে নেওয়া হয়েছে। কোন জোরপূর্বক দখলের ঘটনা নেই।”
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ বিষয়ে মামলা চলমান রয়েছে। আদালতের সীধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এএসআই সাইদুরের কোনো পক্ষপাতমূলক আচরণ ধরা পড়লে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
১০৬ বার পড়া হয়েছে