ঈশ্বরদীতে দাদী-নাতনী হত্যার প্রতিবাদ: ফাঁসির দাবিতে মানববন্ধন
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা এলাকায় দাদীকে হত্যার পর নাতনীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পাবনা প্রেসক্লাব-এর সামনে “পাবনার সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা ঈশ্বরদীতে সংঘটিত নৃশংস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা গ্রেপ্তার হওয়া প্রধান আসামি শরিফুল ইসলাম শরীফের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকরের দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে দাদী সুফিয়া খাতুন এবং বাড়ির পাশের গমক্ষেত থেকে নাতনী জামিলা আক্তার সেতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ভবানিপুর উত্তরপাড়ার মফেজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর শরিফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
১০৩ বার পড়া হয়েছে