কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, অভিযুক্ত পলাতক
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৪:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী পলি খানম (২৮)।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের হাবিব শেখের ছেলে আসরাফ শেখের সঙ্গে পলি খানমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার (৩ মার্চ) সকালে পলি খানম আসরাফ শেখের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তবে তার এমন অবস্থানের পর থেকেই অভিযুক্ত আসরাফ শেখ বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
পলি খানমের অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে আসরাফ শেখ তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। দীর্ঘদিন ধরে বিয়ের কথা বললেও নানা অজুহাতে তা এড়িয়ে যান তিনি। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিতে বাধ্য হয়েছেন বলে জানান ওই নারী। তিনি ঘটনার বিচার ও অভিযুক্তের শাস্তি দাবি করেছেন।
এদিকে, অভিযুক্ত আসরাফ শেখ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০৩ বার পড়া হয়েছে