মোংলায় গরু-ভেড়া নিয়ে বিরোধের জেরে শিক্ষিকা রক্তাক্ত, থানায় অভিযোগ
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলায় প্রতিবেশীর সঙ্গে গরু ও ভেড়া পালন নিয়ে বিরোধের জেরে এক স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষিকা আবছানা ওরিন বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী শিক্ষিকা ও তার স্বামী শেখ গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুব্রত মন্ডলের গরু ও ভেড়া তাদের বাড়ির ভেতরে ঢুকে বিভিন্ন ফলদ ও ফুলের গাছ নষ্ট করে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ তাদের।
শেখ গোলাম মোস্তফা বলেন, তিনি একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী এবং তার স্ত্রী আবছানা ওরিন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাদের বসতবাড়ি দিগরাজ বালুরমাঠ মিয়াপাড়া এলাকায়। ঘটনার দিন প্রতিবেশীর ভেড়ার পাল বাড়িতে ঢুকে গাছপালা নষ্ট করলে তিনি একটি ভেড়া আটকে রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে সুব্রত মন্ডল ও তার লোকজন লোহার সাবল ও লাঠিসোটা নিয়ে বাড়িতে ঢুকে ভেড়াটি ছাড়িয়ে নেয় এবং তাকে মারধর করে।
তার চিৎকারে স্ত্রী আবছানা ওরিন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। অভিযোগ করা হয়, সুব্রত মন্ডল সাবল দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় শিক্ষিকার গলায় থাকা স্বর্ণের চেইন, রুলি ও একটি আংটি ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
এ ঘটনায় সুব্রত মন্ডল বাবু (২৯), সোনামনি মন্ডল পূজা (২৪), কার্তিক মন্ডল (৫২), সুপ্রিয়া মন্ডল (৪৯), জাহিদুল (৪৫)সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে মোংলা থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন শেখ গোলাম মোস্তফা।
অভিযুক্ত সুব্রত মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
শেখ শাহীনুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), মোংলা থানা বলেন, “মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
২০১ বার পড়া হয়েছে