রূপগঞ্জে চেইন চুরির অভিযোগে ৩ নারী আটক, গণপিটুনি ও চুল কর্তন
সোমবার, ২ মার্চ, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বাড়িতে স্বর্ণের চেইন চুরি চেষ্টার অভিযোগে তিন নারীকে আটক করেছে স্থানীয়রা।
আটকের পর তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর এবং কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে ওই তিন নারীকে হেফাজতে নেয়।
সোমবার সকালে উপজেলার ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডহরগাও এলাকার সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করেন। এসময় স্বর্ণের চেইন চুরির চেষ্টা করছেন—এমন অভিযোগে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের দড়ি দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন এ দৃশ্য ধারণ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
আটক নারীরা হলেন—কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানার দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার এবং বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন।
রূপগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়। তিনি বলেন, চুরির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তবে কাউকে বেঁধে মারধর করা বা চুল কেটে দেওয়া আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল এবং এটি দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
১০৬ বার পড়া হয়েছে