কুমিল্লার চান্দিনায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার চান্দিনা উপজেলায় একই ঘরের পৃথক দুটি কক্ষে মা ও তার সাত বছরের কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারনা, মা শিশুকে হত্যা করে পরবর্তীতে আত্মহত্যা করেছেন।
রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারহানা আক্তারের একটি ছেলে ঢাকায় বাবার সঙ্গে থাকেন এবং বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকভাবে লেখাপড়া করেন। ফারহানা নিজের ছোট মেয়েকে নিয়ে শাশুড়ি কদরবানুর সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন।
পুলিশ জানায়, রবিবার সকালে শাশুড়ি তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করার পরও সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন।
প্রতিবেশী রাসেল মজুমদার জানান, জানালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলে প্রথমে একটি কক্ষে শিশুর এবং অন্য কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর বিষয়টি থানায় জানানো হয়।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়ে একই ঘরের পৃথক দুই কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।”
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
১০৩ বার পড়া হয়েছে