অপ্রয়োজনীয় ব্যয় বন্ধে কঠোর বার্তা প্রতিমন্ত্রী পুতুলের
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৬:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, অতীতে অনেক ক্ষেত্রে মানুষের সামনে দেখানোর জন্য অপ্রয়োজনীয় ব্যয় করা হয়েছে, যা এখন আর চলবে না।
দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দায়িত্বশীলভাবে সরকার পরিচালনার ওপর জোর দেন তিনি।
রবিবার (১ মার্চ) নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলস-এর শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মিলটিকে একটি সুসংগঠিত ব্যবস্থাপনার আওতায় এনে বিদ্যমান অনিয়ম দূর করা হবে। আখচাষী, শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদার করে উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে মিলটিকে একটি আধুনিক শিল্পপ্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে তিনি বলেন, অনেকেই এখনও তাদের প্রাপ্য অর্থ পাননি। ঈদের আগে বিষয়টি সমাধানের অনুরোধ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঈদের আগে বা পরে যত দ্রুত সম্ভব পেনশন পরিশোধ নিশ্চিত করার চেষ্টা থাকবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রতিদিন প্রায় ১৫শ মেট্রিক টন উৎপাদন সক্ষমতা থাকলেও সঠিক ব্যবস্থাপনা ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে এ সক্ষমতা আরও বাড়ানো সম্ভব। উৎপাদন বৃদ্ধি পেলে দেশীয় চাহিদা পূরণে স্বনির্ভরতা অর্জন সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
১১৮ বার পড়া হয়েছে