শেরপুর-৩ আসনে জামায়াতের নতুন প্রার্থী মাসুদুর রহমান মাসুদ
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মৃত্যুর কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের সহোদর ছোটভাই মাসুদুর রহমান মাসুদ।
রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। তিনি জানান, জেলা কর্মপরিষদ সদস্য ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মাসুদুর রহমান মাসুদসহ চারজনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল। পরে কেন্দ্রীয়ভাবে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, মাসুদুর রহমান একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। অবসরের পর তিনি এলাকায় ব্যবসার সঙ্গে যুক্ত হন এবং বড়ভাই নুরুজ্জামান বাদলের মাধ্যমে সক্রিয়ভাবে জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত হন। বাতিল হওয়া নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। বড়ভাইয়ের মৃত্যুর পর তার আবেগঘন বক্তব্য ও বিভিন্ন উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করলে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমে নির্বাচন স্থগিত এবং পরে বাতিল ঘোষণা করে। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে