ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যা: মামলা দায়ের, সন্দেহে আটক ২
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে হত্যা করার চাঞ্চল্যকর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, নিহত বৃদ্ধা সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী হয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা তদন্তের মাধ্যমে উদঘাটন করা হবে বলে তিনি জানান।
ওসি আরও বলেন, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই একই এলাকার রাব্বি মন্ডল ও শরিফুল ইসলাম নামে দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের একজনের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সকালে স্বজনরা বাড়ির উঠানে সুফিয়া বেগমের মরদেহ দেখতে পান। পরে বাড়ির পাশের একটি গমক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর শনিবার দুপুরে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন এবং পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদঘাটনের আশ্বাস দেন।
পুলিশ জানিয়েছে, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং শিগগিরই এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।
১১৮ বার পড়া হয়েছে