ইরানে অন্তর্বর্তী নেতৃত্বে তিন সদস্যের কাউন্সিল
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। রোববার (১ মার্চ) সকালে প্রকাশিত খবরে এ তথ্য নিশ্চিত করা হয়।
খবর প্রকাশের পর সরকারি বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানায়, পরিস্থিতি মোকাবিলায় দেশটির শীর্ষ পর্যায়ের তিন নেতাকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনজ্ঞের সমন্বয়ে গঠিত এই তিন সদস্যের পরিষদ আপাতত রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করবে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, সাংবিধানিক বিধান অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ এবং রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা রক্ষাই হবে এ কাউন্সিলের প্রধান দায়িত্ব। একই সঙ্গে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়াও দ্রুত শুরু করা হবে।
ইরানের সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্ব অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর ওপর ন্যস্ত। আলেমদের সমন্বয়ে গঠিত এই সংস্থাটিকেই উত্তরসূরি চূড়ান্ত করতে হবে। তবে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সদস্যদের দ্রুত একত্রিত করা কঠিন হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ইরানের প্রতিষ্ঠাতা সর্বোচ্চ নেতা রুহোল্লাহ খোমেনি মৃত্যুবরণ করলে একই দিনে আয়াতুল্লাহ আলী খামেনি-কে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
১৩৯ বার পড়া হয়েছে