মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নবনিযুক্ত সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী শুক্রবার সকালে মাগুরায় পৌঁছালে তাকে উষ্ণ ও বর্ণাঢ্য সংবর্ধনা জানান দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
তার আগমনকে ঘিরে জেলার প্রবেশদ্বার কামারখালী ব্রিজ এলাকা থেকে শহর পর্যন্ত উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই কামারখালী ব্রিজ এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। পরে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা দেওয়া হয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-1 আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে মাগুরা সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সংস্কৃতি মন্ত্রী মাগুরাসহ সারাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে দেশের উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নিতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান-এর নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।
১২১ বার পড়া হয়েছে