ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মোল্যা (৪০) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় তাঁর ছোট ভাই সিঙ্গাপুরপ্রবাসী সোহেল মোল্যা গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত হয়েছেন তাঁদের মা রোকেয়া বেগমও।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের গোয়ালচামট মোল্যাবাড়ি সড়কের বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মোল্যা স্থানীয় বাসিন্দা মনিরউদ্দিন আনসারীর মেজ ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী সরফরাজের স্ত্রী মনি বেগম জুয়েলদের বাড়ির সামনে রশি টানিয়ে কাপড় শুকাতে গেলে জুয়েল আপত্তি জানান। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির পর মনি বেগম বাড়িতে গিয়ে স্বামী ও ছেলেদের জানান। পরে সরফরাজ, তাঁর দুই ছেলে শাহরিয়ার (২৩) ও সিফাত (২০) এবং কয়েকজন সহযোগী লাঠিসোঁটা ও কাঠের বাটাম নিয়ে জুয়েলদের বাড়িতে হামলা চালায়।
হামলার সময় জুয়েলকে মারধর করা হলে তাঁকে রক্ষা করতে গেলে তাঁর ছোট ভাই ও মা-ও হামলার শিকার হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা চারজনকে আটক করলেও পরে দুজন পালিয়ে যায়। সরফরাজ (৫০) ও তাঁর স্ত্রী মনি বেগম (৪৫)কে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় থেকে ভাঙারি ব্যবসা করতেন বলে জানা গেছে।
নিহতের ছোট বোন তিন্নি বেগম অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, জমি বিক্রির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলাকারীদের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল বলে জানান তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১২০ বার পড়া হয়েছে