কাবুল–কান্দাহারে পাকিস্তানের হামলা, ১৩৩ তালেবান নিহতের দাবি
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আফগানিস্তানের রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার-এ বিমান হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথাও জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসি এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, সামরিক অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। তবে এ দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
আজ শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে দেওয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে’ উল্লেখ করে তিনি লেখেন, এখন আফগানিস্তানের সঙ্গে তাদের ‘প্রকাশ্য যুদ্ধ’ চলছে।
কাবুলে আল জাজিরার সংবাদদাতা নাসের শাদিদের বরাতে জানানো হয়, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে পাকিস্তানি বাহিনী কাবুলে বোমা হামলা চালায়। পরে আরও দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানি হামলার জবাবে পাল্টা আক্রমণ চালানোর দাবি করে এক্সে পোস্ট দেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি দাবি করেন, কান্দাহার ও হেলমান্দে পাকিস্তানি বাহিনীর অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। তবে পরে সেই পোস্ট মুছে ফেলা হয় বলে জানায় বিবিসি।
এর আগে বৃহস্পতিবার আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় বলে ইসলামাবাদ দাবি করে। এতে দুই পাকিস্তানি সেনা নিহত হন বলে জানানো হয়। এর জবাবেই কাবুল ও কান্দাহারসহ একাধিক স্থানে পাল্টা হামলা চালানোর কথা জানায় পাকিস্তান।
তবে তালেবান বলছে, সপ্তাহের শুরুতে পাকিস্তানের হামলায় অন্তত ১৮ জন নিহত হওয়ার পর তারা ‘বড় পরিসরে’ সামরিক অভিযান শুরু করেছে। তালেবানের সামরিক মুখপাত্র মৌলভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি বলেন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে এই প্রতিশোধমূলক অভিযান শুরু হয়।
জাবিউল্লাহ মুজাহিদ আরও দাবি করেন, এ অভিযানে বহু পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকজনকে আটক করা হয়েছে। যদিও পাকিস্তান এসব দাবি সরাসরি অস্বীকার করেছে।
মোশাররফ জাইদি জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস এবং ৯টি পোস্ট দখল করা হয়েছে। পাশাপাশি ৮০টিরও বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করা হয়েছে।
উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আগে হামলা চালানোর অভিযোগ তুলেছে এবং পাল্টা আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করছে। তবে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি ঘিরে দুই দেশের সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে।
১৩১ বার পড়া হয়েছে