ইরানি বন্দর অবরোধের ঘোষণায় তেলের দামে নতুন ঊর্ধ্বগতি
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ২:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বন্দর অবরোধের ঘোষণা আসার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সোমবার থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা থাকায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে।
সপ্তাহের শুরুতেই লেনদেন শুরুর সময় যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও বেড়েছে প্রায় ৭ শতাংশ। বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট তেল বিক্রি হচ্ছে ১০২ দশমিক ২৯ ডলারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে সংঘাত শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির কারণে দামের ওঠানামা অব্যাহত থাকে এবং এক পর্যায়ে তা ১১৯ ডলারও ছাড়িয়ে যায়।
এর আগে গত শুক্রবার পাকিস্তানে বৈঠকের খবরে বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। সে সময় জুনে সরবরাহের জন্য তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমেছিল।
বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুকে কেন্দ্র করে ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।
২১৬ বার পড়া হয়েছে