কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক শিক্ষকের বাড়িকে আনুষ্ঠানিকভাবে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে শিক্ষক আখতারুজ্জামানের বাড়িতে ‘দেশীয় ও পরিযায়ী পাখির কলোনী’ লেখা সাইনবোর্ড স্থাপন করে বাড়িটির নামকরণ করা হয় ‘বিহঙ্গ বিলাস’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন এবং অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী-এর কলাপাড়া শাখার সদস্যরা।
জানা যায়, মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামানের বাড়িতে প্রায় চার দশক ধরে নিরাপদ আশ্রয় পেয়ে বসবাস করছে হাজারো দেশীয় ও পরিযায়ী পাখি।
সাদা বক, কালো বক, পানকৌড়ি ও বাদুড়সহ নানা প্রজাতির পাখির কিচিরমিচিরে প্রতিদিন মুখর থাকে পুরো বাড়ি এলাকা।
পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে বাড়িটির বিষয়টি গত বছরের সেপ্টেম্বর মাসে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে বাড়িটিকে আনুষ্ঠানিকভাবে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে। স্থানীয়দের আশা, এ উদ্যোগের মাধ্যমে পাখির সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে ‘বিহঙ্গ বিলাস’।
১৩৬ বার পড়া হয়েছে