নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানের মধ্যে ছিল কোরআনখানি, র্যালি, শ্রদ্ধাঞ্জলি, রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার, আলোচনা সভা ও দোয়া।
সকাল সাড়ে ১০টায় নূর মোহম্মদ নগরে র্যালি বের হয়। র্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বসতভিটায় নির্মিত স্মৃতিস্তম্ভে পৌঁছে। সেখানে নড়াইল জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে জেলা পুলিশের চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত মাদ্রাসা সুপার এটিএম মাহমুদুর রহমান।
এরপর বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সভাপতি ড. মোহাম্মাদ আব্দুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আহসান মাহমুদ রাসেল, বীরশ্রেষ্ঠের সন্তান শেখ মোঃ মোস্তফা কামাল, এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ প্রমুখ।
বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্বগাথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে তার জীবনী পরিচয় ছড়িয়ে দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানে পরিবারের সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে (বর্তমান নূর মোহাম্মদ নগর) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আমানত শেখ ও মাতার নাম জেন্নাতুন্নেছা। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন এবং শার্শা উপজেলার কাশিপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত হন।
১১৮ বার পড়া হয়েছে