চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধ ও চিকিৎসাসেবার মান উন্নয়নে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় হাসপাতালটি পরিদর্শন করে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে এমপি বুলবুল বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসাসেবা নিয়ে তাদের নানা সমস্যা ও অভিযোগ শোনেন তিনি।
তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা, অপ্রয়োজনীয় হয়রানি বন্ধ করা এবং দ্রুত চিকিৎসাসেবা প্রদানের নির্দেশ দেন। বিশেষভাবে চিকিৎসক ও নার্সদের দায়িত্বশীল আচরণ এবং সময়মতো সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের মানসম্মত খাবার সরবরাহ এবং প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার কথাও বলেন তিনি। আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন ও সকল রোগের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সংসদ সদস্য বলেন, “সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। কোনো রোগী যেন অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক থাকতে হবে।”
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে