শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে তেলকুপি বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
অভিযানে মো. সাকিবুল হাসান (১৯), পিতা-মো. মনিরুল ইসলাম, গ্রাম-জমিনপুর, পোস্ট-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় আরও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিসহ পলাতকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তে পৃথক অভিযানে ৮ জনকে আটক এবং ৩ হাজার ২০০ বোতল বিভিন্ন ধরনের ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
১২২ বার পড়া হয়েছে