জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় জলদস্যুতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মৎস্যজীবীরা।
জলদস্যু নির্মূল না হলে মাছ আহরণ বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা। কর্মসূচি শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা গোলচত্বরে পাঁচটি মৎস্যজীবী সংগঠনের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন, সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী এবং মৎস্যজীবী ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন এলাকায় জলদস্যুদের দৌরাত্ম্য বেড়েছে। উপকূলের প্রায় শতাধিক জেলে বর্তমানে দস্যুদের কবলে রয়েছে বলে দাবি করেন তারা। অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মৎস্যজীবী নেতারা।
তারা আরও বলেন, জলদস্যুতা বন্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করলে অনির্দিষ্টকালের জন্য মাছ আহরণ বন্ধ রাখা হবে।
মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকার সমিতি, বরগুনা জেলা মৎস্যজীবী ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য বাজারঘাট শ্রমিক ইউনিয়ন এবং পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
১৩৯ বার পড়া হয়েছে