নরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকায় বাড়ির পাশে থাকা একটি ডোবায় ৮ বছর বয়সী জোনায়েদ মিয়ার মরদেহ পাওয়া যায়।
জোনায়েদ শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে এবং স্থানীয় আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জোনায়েদ বাড়ি থেকে বের হয় এবং আর ফিরে আসে নি। পরিবারের সদস্য ও প্রতিবেশিরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান পাননি। পরে নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জোনায়েদ পানিতে ডুবে মারা যায়নি; তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডোবায় ফেলা হয়েছে। নিহতের চাচা স্বপন মিয়া বলেন, “আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। আমরা এ হত্যার দ্রুত বিচার চাই।”
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ডোবা থেকে মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্টসহ মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ আলামত সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে