নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক ইয়াছিন আলী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নাটোর সদর থানা থেকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে হাজির করা হয়। তবে এক আইনজীবীর মৃত্যুতে ‘ফুল কোর্ট রেফারেন্স’ অনুষ্ঠিত হওয়ায় আদালতের কার্যক্রম স্থগিত ছিল। ফলে শুনানি ছাড়াই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকা থেকে এহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ৫ আগস্ট নাটোর শহরের কান্দিভিটা এলাকায় সদর আসনের তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় ইয়াছিন নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এহিয়া চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালত প্রাঙ্গণে হাজির করার সময় এহিয়া চৌধুরী ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১২৯ বার পড়া হয়েছে