কলমাকান্দায় চোরাকারবারিদের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান, আহত ৬
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী তেরতোফা গ্রামে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ছয় সদস্য। এই ঘটনায় স্থানীয় এক দৈনিকের ফটোগ্রাফারও আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে রংছাতি ইউনিয়নের তেরতোফা গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল, শওকত, সহকারী উপপরিদর্শক আবুল কালাম, এবং সদস্য শামীম, হিমেল ও খায়রুল। স্থানীয় দৈনিকের ফটোগ্রাফার শ্যামল সরকারও হামলায় আহত হয়েছেন।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বুধবার জানান, এসআই আব্দুল জলিলের নেতৃত্বে একটি ডিবি টিম ভারতীয় গরু, চিনি, জিরা ও কসমেটিকসসহ চোরাচালানকারী চক্রের হোস্ট সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় হামলাকারীরা লোহার রড ও লাঠি দিয়ে পুলিশকে আঘাত করে।
পুলিশ এসে তাদের উদ্ধার করার পর ১৫ জনকে আটক করা হয়। এসময় ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি টাকা গোনার মেশিন জব্দ করা হয়।
হাফিজুল ইসলাম জানান, কলমাকান্দা থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১২৪ বার পড়া হয়েছে