নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য তিনি ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।
সাখাওয়াত হোসেন খান নগর ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সকাল ৯টায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আদুল কালাম ও জেলা এবং মহানগরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি নগর ভবনে প্রবেশ করেন। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে নির্ধারিত কক্ষে বসে তিনি প্রশাসনিক কার্যক্রম শুরু করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, এই দায়িত্ব তার কাছে একটি ‘পবিত্র আমানত’। নগরের নাগরিক সমস্যা সমাধানে সফল হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, হকার সমস্যা এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে ৬০ দিনের কর্মপরিকল্পনা হাতে নেওয়ার ঘোষণা দেন নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
তিনি আরও বলেন, “এ দায়িত্ব আমার উপর অর্পিত পবিত্র আমানত। আমি মনে করি, এখানে সফল না হওয়ার কোনো সুযোগ নেই। দলের নেতাকর্মী, নাগরিক সমাজ, পেশাজীবীসহ সবাইকে নিয়ে আমরা নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবো। ৬০ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনতে চাই।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে একই বছরের ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
২১ আগস্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগ দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে পরিবর্তন করে যুগ্ম-সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে। নির্বাচনের ১০ দিন পর, ২২ ফেব্রুয়ারি দেশের ছয়টি সিটিতে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্রশাসক হিসেবে দায়িত্ব পান সাখাওয়াত হোসেন খান।
নতুন প্রশাসকের ৬০ দিনের কর্মসূচি বাস্তবায়ন হলে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কতটা কমবে-সেদিকেই এখন সকলের দৃষ্টি নিবদ্ধ।
১২৪ বার পড়া হয়েছে