সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগে ক্লিনিকে ভাঙচুর

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে সুমাইয়া আহমেদ বিন্দু (২০) নামে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না বলে দাবি করেছে। পরে উভয় পক্ষের মধ্যে মোটা অংকের নগদ অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় অবস্থিত ডিকেএমসি (DKMC) নামের একটি প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আহমেদ বিন্দু রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও মধ্যপাড়া এলাকার কাউসার আহমেদ জুয়েলের মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রসব ব্যথা নিয়ে সুমাইয়াকে ডিকেএমসি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার সিজারিয়ান (অস্ত্রোপচার) করা হয়। অপারেশন শেষে তাকে বেডে স্থানান্তর করা হয়। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর চালান। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

নিহতের চাচা জাহিদ আমির অভিযোগ করে বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসার কারণেই আমার ভাতিজির মৃত্যু হয়েছে। যেহেতু তাকে আর ফিরে পাব না, তাই সমঝোতার ভিত্তিতে মরদেহ নিয়ে এসেছি।”

অন্যদিকে, ডিকেএমসি হাসপাতালের পরিচালক নজরুল ইসলাম দাবি করেন, অপারেশনের পর রোগীকে বেডে দেওয়ার পর স্বজনরা তাকে পানি ও রুটি খাওয়ান। এতে খাবার শ্বাসনালীতে ঢুকে পড়ে এবং তার অবস্থা গুরুতর হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ভাষ্য, চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুললেও হাসপাতাল কর্তৃপক্ষ খাবার শ্বাসনালীতে চলে যাওয়ার কথা জানায়। পরে উভয় পক্ষ মীমাংসায় পৌঁছালে পুলিশ ফিরে আসে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন