গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, ২ যুবকের মৃত্যু
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সেহরির সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ সংলগ্ন এলাকায় তিনজনের একটি সন্দেহভাজন ছিনতাইকারী দলকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাদের ধাওয়া দিলে মোটরসাইকেলে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায়।
এদিকে রাতের শেষ ভাগে এলাকায় ডাকাতির গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়। স্থানীয়রা পুকুর থেকে দুইজনকে তুলে আনলে বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে। একপর্যায়ে ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়। এ সময় তৃতীয় ব্যক্তি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে