সনাতনীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার : বদেশ্বরী মন্দিরে প্রতিমন্ত্রী আজাদ
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো অপশক্তি বা ধর্মান্ধ গোষ্ঠী যেন দেশকে আবারও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে না পারে, সে বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
তিনি বিএনপি সরকারের পক্ষ থেকে এ নিশ্চয়তা প্রদান করেন।
শুক্রবার দুপুরে বোদা উপজেলার ঐতিহ্যবাহী বদেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সরকার সতর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকা, মানচিত্র ও জাতীয় সংগীতের প্রশ্নে গুরুত্বপূর্ণ ছিল। একদিকে ছিল স্বাধীনতার পক্ষের শক্তি, অন্যদিকে স্বাধীনতাবিরোধী গোষ্ঠী—এমন বাস্তবতায় জনগণ রায় দিয়েছে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ২১৪টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠিত হয়েছে এবং এতে সনাতন সম্প্রদায়ের সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যক্তিগতভাবেও তিনি সনাতন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন বলে আশ্বাস দেন। পূজা-অর্চনা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সভায় বদেশ্বরী মন্দির কমিটির সভাপতি নিতিশ কুমার মুকুল বকশীসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী বোদা উপজেলার কালিয়াগঞ্জ ও বড়শশী বগদুলঝুলা বাজারে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার ও টেপ্রীগঞ্জসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করার কথা রয়েছে তার। সন্ধ্যায় তিনি নিজ মায়ের নামে প্রতিষ্ঠিত মেনাগ্রাম ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় দোয়া মাহফিলে অংশ নেবেন এবং এতিমদের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করবেন।
১৩৬ বার পড়া হয়েছে