সারাদেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে সারাদেশে সড়কে চাঁদাবাজির কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
৩ দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতেই নিজ জেলা লক্ষ্মীপুরে আগমন করেন মন্ত্রী। শুক্রবার সকালে তিনি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
সার্কিট হাউসে মন্ত্রীর প্রতি ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু প্রমুখ।
মন্ত্রী জানান, লক্ষ্মীপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণের জন্য বৃহত্তর নোয়াখালীর মধ্যে ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হবে। তিনি বলেন, "এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের সমস্যা দূর হয়ে জনগণকে সুবিধা মিলবে।"
এছাড়া মন্ত্রী আরও উল্লেখ করেন, মেঘনা নদী ও রহমতখালী খাল পাড়ে ভাঙন রোধের জন্য পিজিভিলিটি স্ট্যাডি সম্পন্ন করা হয়েছে এবং দেশের অন্যান্য এলাকায় খাল খনন কার্যক্রমও শুরু করা হবে। ১৮০ দিনের কর্মসূচির মধ্যে সর্বোচ্চ খাল খনন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে