বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। হোয়াইট হাউজ থেকে পাঠানো বার্তায় তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।
ট্রাম্পের বার্তায় উল্লেখ করা হয়, বাস্তবায়িত বাণিজ্য চুক্তির মাধ্যমে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন এবং ইতিবাচক বাণিজ্য সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে। পাশাপাশি, নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশের সামরিক বাহিনী আধুনিক মার্কিন তৈরি সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে, যা দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন।
চিঠিতে তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনাও করেছেন। এছাড়া, ট্রাম্প বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন।
১১৭ বার পড়া হয়েছে