জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগরে জমি নিয়ে বিরোধের জের ধরে কেসমত আলী (৫৬) নামের এক কৃষক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে।
নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে। স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে কেসমত আলীর এবং তার ছোট বোনজামাই নবছদ্দির মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে তর্কবিতণ্ডা হয় এবং এর একপর্যায়ে নবছদ্দি ও তার পরিবারের লোকজন কেসমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা আহত কেসমত আলীকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ফারিয়া তাহসিন জানান, কেসমত আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আঘাতজনিত কারণে অথবা স্ট্রোকের ফলে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন, হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে তাদের গ্রেফতার দেখানো হবে।
১২২ বার পড়া হয়েছে