সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করছেন। এ উপলক্ষে সচিবালয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক, যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা না থাকলেও এটি মূলত পরিচিতিমূলক সভা হিসেবে অনুষ্ঠিত হবে। এর আগে বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
দায়িত্ব গ্রহণের পরদিন সকালে প্রধানমন্ত্রী সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুর ১টার দিকে সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দপ্তরে প্রথমবারের মতো অফিস করেন এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। পাশাপাশি একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে ছিল কড়া নিরাপত্তা। নতুন ১ নম্বর ভবনের চারপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভবনের সামনে আর্চওয়ে স্থাপন করা হয়েছে। ভবনে প্রবেশের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র যাচাই করে ঢুকতে দেওয়া হচ্ছে। মূল ফটকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর প্রথম অফিস উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত সময় পার করেন। তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। একইসঙ্গে মন্ত্রিসভার বৈঠকের জন্য মন্ত্রিপরিষদ কক্ষও সাজানো হয়েছে। ভবনের বিভিন্ন তলায় সৌন্দর্যবর্ধনের জন্য ফুলের টব স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ২৯৯টি আসনের মধ্যে ঘোষিত ২৯৭টির ফলাফলে বিএনপি জোট পেয়েছে ২১২টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন ৮টি আসনে।
প্রায় ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
১২৩ বার পড়া হয়েছে