সর্বশেষ

সারাদেশ

বেতাগীতে আ.লীগ কার্যালয়ে ছবি টাঙানোকে ঘিরে উত্তেজনা, রাতে ভাঙচুর

জয়দেব রায়, বরগুনা
জয়দেব রায়, বরগুনা

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
বেতাগী উপজেলার পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙানোর কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাঙচুর করে সরিয়ে ফেলেছে ছাত্র-জনতা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দীর্ঘ প্রায় ১৮ মাস পর স্থানীয় ছাত্রলীগের নেতারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে শেখ হাসিনার ছবি এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয়ালে টাঙিয়ে ফুলের মালা পরিয়ে দেন। পাশাপাশি কার্যালয়ের প্রধান ফটকে দলীয় সাইনবোর্ডও স্থাপন করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে একই দিন রাতে একদল ছাত্র-জনতা কার্যালয়ে হামলা চালিয়ে টাঙানো ছবি ও ব্যানার ভাঙচুর করে বলে জানা গেছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দেয়ালে কোনো ছবি নেই; ভাঙা ফ্রেমের কাঁচ ও ছেঁড়া মালার ফুল মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা দাবি করেন, পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। তার ভাষ্য, দলের কিছু দুষ্কৃতিকারীকে ব্যবহার করে পরিস্থিতি অস্থির করার চেষ্টা চলছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করছেন। পরে তারা দলীয় প্রধান ও জাতির পিতার ছবি টাঙিয়ে মাল্যদান করেন।

যোগাযোগ করা হলে সিফাত সিকদার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে তারা দলীয় কার্যালয়ে কার্যক্রম শুরু করেছেন। তার দাবি, দীর্ঘ সময় কার্যালয় বন্ধ থাকলেও সংগঠনের কার্যক্রম বন্ধ ছিল না।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, কার্যালয় খুলে ছবি টাঙানোর বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান জানান, আলোচনা সাপেক্ষেই ছাত্রলীগ কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে। তার মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় কার্যক্রম পুনরায় সক্রিয় করার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর কার্যালয়টি ভাঙচুর ও তালাবদ্ধ করা হয়। এরপর দীর্ঘ সময় দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় রাজনীতিতে আবারও তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন