সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলা: ট্রলারসহ ৩ জেলে অপহরণ
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়েছেন তিন জেলে। ইঞ্জিনচালিত একটি নামবিহীন ট্রলারসহ তাদের অপহরণ করে নিয়ে গেছে ছোট জাহাঙ্গীর বাহিনী নামে পরিচিত জলদস্যু চক্র।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাথরঘাটা উপজেলার বাসিন্দা মো. মাসুম মিয়ার মালিকানাধীন একটি ছোট ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে তিন জেলে সুন্দরবন এলাকায় বেহুন্দি জাল দিয়ে মাছ ধরতে যান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাছ ধরার সময় হঠাৎ জলদস্যুরা তাদের ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়।
ট্রলার মালিকের বরাত দিয়ে তিনি আরও জানান, অপহরণের পর থেকে জেলেদের মুক্তির জন্য মুক্তিপণ দাবি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারায় অপহৃতদের ওপর দফায় দফায় নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, এর আগে একই বাহিনী পাথরঘাটার ফোরকান মাঝি ও সিদ্দিকসহ আট জেলেকে অপহরণ করেছিল। পরে তারা মুক্তিপণ দিয়ে ছাড়া পান বলে জানা গেছে।
তবে কোস্টগার্ড দক্ষিণ জোনের এক মিডিয়া কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো লিখিত অভিযোগ পৌঁছেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
১২৫ বার পড়া হয়েছে