চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ: মামলা, আরও ২ জন গ্রেপ্তার
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা-এর উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ-এর অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নতুন করে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চর বাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামের চান মোহাম্মদের ছেলে মো. ইউসুফ (৪৫) এবং গোঠাপাড়া গ্রামের মো. ফজর আলীর ছেলে মো. শাকিল (৩৭)। এর আগে বিস্ফোরণে আহত তিনজনকেও গ্রেপ্তার দেখানো হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ভোরে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পুলিশি নজরদারিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
১১১ বার পড়া হয়েছে