নেত্রকোনায় ফলাফল স্থগিতসহ ভোট পুন:গণনার দাবি
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের নির্বাচনে অনিয়ম, কারচুপি ও সহিংসতার অভিযোগ এনে ফলাফল স্থগিত ও ভোট পুন:গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবু তাহের তালুকদার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বধলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় ব্যাপক অনিয়ম সংঘটিত হয়েছে।
তিনি অভিযোগ করেন, মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র নং-১০)-এ প্রিজাইডিং কর্মকর্তা বিকেল ৩টার দিকে ভোটগ্রহণ স্থগিত রেখে কেন্দ্র ত্যাগ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে অল্প সময়ের জন্য পুনরায় ভোট গ্রহণ করা হয়। এছাড়া অন্য একটি কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোটারদের পরিচয় নিশ্চিত না করেই ব্যালট পেপার সরবরাহের অভিযোগ তোলেন তিনি।
আবু তাহের তালুকদার আরও অভিযোগ করেন, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র নং-৭৯)-এ ভোট গণনা শেষ হওয়ার আগেই তার এজেন্টকে ফলাফল শিটে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করা হয়। আপত্তি জানালে প্রশাসনের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে মনগড়া ফলাফল ঘোষণা করা হয় বলেও তিনি দাবি করেন।
এছাড়া মেঘশিমুল উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র নং-১৪)-এ বুথের সংখ্যা কমিয়ে কৃত্রিম দীর্ঘ লাইনের সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন তিনি। এর ফলে অনেক নারী ভোটার ভোট দিতে না পেরে কেন্দ্র ত্যাগ করতে বাধ্য হন বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে প্রার্থী জানান, উপজেলার নারায়ণডহর বাজার, বিশকাকুনীর ধোবারুহি বাজার ও ধলামূলগাঁও এলাকায় তার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও নগদ টাকা লুটপাটের ঘটনাও ঘটে। এসব ঘটনায় থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীক ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৬৫৭ বলে উল্লেখ করা হয়। তবে প্রার্থীর দাবি, অনিয়ম ও কারচুপি না হলে ফলাফল তার পক্ষেই আসত।
তিনি অবিলম্বে ফলাফল স্থগিত রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ বিষয়ে ইতোমধ্যে জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম আনারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২৪ বার পড়া হয়েছে