কুষ্টিয়ায় বিজয়ের পর শান্তির বার্তা: সংযমের আহ্বান রেজা আহমেদ বাচ্চু মোল্লার
রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া-১ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিজয়ী হওয়ার পর দৌলতপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
ফল ঘোষণার পরপরই দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা, প্রতিপক্ষের ওপর প্রতিহিংসামূলক আচরণ বা হয়রানি বরদাশত করা হবে না।
তিনি বলেন, এ বিজয় কোনো একক দলের নয়; দৌলতপুরের সর্বস্তরের মানুষের। বিরোধী দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
দলীয় শৃঙ্খলায় কঠোর অবস্থান
এদিকে তাঁর পুত্র ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসিফ রেজা শিশির মোল্লা পৃথক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, কেউ যদি বিশৃঙ্খলায় জড়ায় বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে জামায়াত নেতা ও কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন শিশির মোল্লা। সেখানে তিনি নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেন, কেউ যেন কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরে রিফাতপুর ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে হরিণগাছি গ্রামে জামায়াতকর্মীদের বাড়িতেও যান তিনি। দলমত নির্বিশেষে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে শিশির মোল্লা বলেন, বিএনপি বা অঙ্গসংগঠনের নাম ব্যবহার করে কেউ ভিন্ন মতের ব্যক্তিদের হয়রানি করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার
শনিবার দুপুরে দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে সম্প্রতি চুরি যাওয়া তিনটি গরু উদ্ধারের পর ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন শিশির মোল্লা। নবনির্বাচিত সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লার হস্তক্ষেপে গরু ফেরত পাওয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা জানান।
এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে শান্তিপূর্ণ সহাবস্থানের যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ তারা।
ইতিবাচক প্রতিক্রিয়া
নির্বাচন-পরবর্তী সহিংসতা, ছিনতাই ও রাজনৈতিক প্রতিহিংসা ঠেকাতে এ ধরনের উদ্যোগকে বিরোধী নেতা-কর্মীসহ সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয়দের মতে, রাজনৈতিক সহনশীলতা ও সৌহার্দ্যের এ বার্তা দৌলতপুরে শান্তিপূর্ণ সহাবস্থানের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
৩৫৬ বার পড়া হয়েছে