রংপুর-৪ আসনের ভোট ফলাফল নিয়ে বিএনপির বিক্ষোভ, পুনঃগণনার দাবি
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রংপুর ৪ আসনের নির্বাচনে কারচুপি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে এনসিপি প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী ঘোষণা করার প্রতিবাদে এবং ভোট পুনঃ গণনার দাবি জানিয়েছে স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত রংপুরের কাউনিয়া উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকা এবং রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা-কর্মীসহ এলাকাবাসি।
আড়াই ঘণ্টা ব্যাপী এই অবরোধ কর্মসূচির কারণে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দু’পার্শ্বে শত শত যানবাহন আটকে থাকে। পরে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি আসাদুল হাবিব দুলু হস্তক্ষেপ করে অবরোধ তুলে নেন। একই সঙ্গে আগামীকাল রোববার সকাল পর্যন্ত রংপুর ৪ আসনের ভোট পুনঃ গণনা শুরু না হলে রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ চলাকালীন, রংপুর ৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ১১ দলের প্রার্থী এনসিপি সদস্য সচিব আখতার হোসেন রংপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এনামুল আহসান-এর সহযোগিতায় ভোট কেন্দ্র থেকে বিএনপি পোলিং এজেন্টদের প্রশাসনের সহায়তায় বের করে ইঞ্জিনিয়ারিং করে বিজয়ী করা হয়েছে। তিনি বলেন, তাঁকে ৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। পাশাপাশি ধানের শীষ মার্কার ৯ হাজারেরও বেশি ভোট বাতিল করা হয়েছে। বিপুল ভোটে বিএনপি জয়ী হওয়া সত্ত্বেও ইঞ্জিনিয়ারিং করে এনসিপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বারবার অনুরোধ সত্ত্বেও ভোট পুনঃ গণনা হচ্ছে না।
ভরসা বলেন, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অবরোধ চলাকালীন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট সদর আসনের নব নির্বাচিত এমপি আসাদুল হাবিব দুলু ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এই সময় হাজারো নেতা-কর্মীর সামনে এমদাদুল হক ভরসা বিএনপি নেতার গলায় জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন এবং জানান, তাকে পরিকল্পিতভাবে পরাজিত দেখানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, ২৪ ঘন্টার মধ্যে ভোট পুনঃ গণনা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
১২০ বার পড়া হয়েছে