বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনও ক্যাডারনির্ভর রাজনৈতিক সংগঠন ছিল না; বরং এটি একটি গণভিত্তিক রাজনৈতিক দল।
জনগণের সমর্থন ও আস্থার কারণেই দলটি সাম্প্রতিক নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিএনপির অভূতপূর্ব বিজয়ের মূল্যায়নে তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবেই বিএনপি জনগণের রায় পেয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল প্রতিষ্ঠার পর থেকে বিএনপি কখনও গণসমর্থন হারায়নি। কারণ দলটি সবসময় জনগণের পাশে থেকে রাজনীতি করেছে, যা তাদের প্রধান শক্তি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় নির্বাচনী প্রতিশ্রুতির ব্যাপারে অটল। বিগত সময়ে যেসব রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলন হয়েছে, তাদের নিয়েই নির্বাচন করা হয়েছে এবং সরকারও তাদের সমন্বয়ে গঠন করা হবে।
জামায়াতে ইসলামীর উত্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনই এ উত্থানের পেছনে দায়ী। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র দমিয়ে রাখা হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের দমন-পীড়ন এবং বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ ইতোমধ্যেই তাদের রায় দিয়েছে এবং বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দেশের মানুষ সৎ ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব অপপ্রবণতা প্রতিহত করতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১৬১ বার পড়া হয়েছে