দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসন জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রায় দুই যুগ পর ক্ষমতায় ফেরার পথে দলের জয় নিশ্চিত হয়েছে।
মাঠপর্যায় থেকে বেসরকারিভাবে পাওয়া ফলাফলের মধ্যে দেখা গেছে, ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ও জোটভুক্ত প্রার্থীরা এ পর্যন্ত ২১০টি আসনে জিতেছেন। সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে দল ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে অংশ নিয়েছিলেন এবং দুটি আসনেই জয় পেয়েছেন।
জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে বৃহস্পতিবার ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়। আজ ২৯৯টি আসনের ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, বিএনপি ও জোটভুক্ত দল ২১০টি আসন, জামায়াতে ইসলামী ও মিত্র দল ৭৭টি আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা সাতটি আসন জিতেছেন। আরও কয়েকটি আসন নিশ্চিত হওয়ার পথে থাকায় বিএনপির দুই-তৃতীয়াংশের জয় পূর্ণ নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বৃহস্পতিবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, ‘জনগণের ভালোবাসায় সিক্ত বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। প্রাপ্ত ভোট ও আসনভিত্তিক হিসাবের ভিত্তিতে আমরা আত্মবিশ্বাসী।’
১৭২ বার পড়া হয়েছে