রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এবং একটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
রংপুর-১ আসনে জামায়াত প্রার্থী রায়হান সিরাজী ১ লাখ ৪৭ হাজার ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন পান ৬৯ হাজার ১৩১ ভোট।
রংপুর-২ আসনে জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম ১ লাখ ৩৫ হাজার ৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার পান ৮০ হাজার ৫৩৮ ভোট।
রংপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মাহবুবার রহমান বেলাল ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জামান শামু পান ৮৫ হাজার ৪৯৮ ভোট। এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তৃতীয় অবস্থানে থেকে পান ৪৩ হাজার ৭৯০ ভোট।
রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পান ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।
রংপুর-৫ আসনে জামায়াতের গোলাম রব্বানী ১ লাখ ৭৬ হাজার ৪১১ ভোট পেয়ে জয়লাভ করেন। বিএনপির অধ্যাপক গোলাম রব্বানী পান ১ লাখ ১৫ হাজার ১১৬ ভোট।
রংপুর-৬ আসনে জামায়াত প্রার্থী নুরুল আমিন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির সাইফুল ইসলাম পান ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাত্র ১ হাজার ২৮৭ ভোট পেয়ে জামানত হারান।
এই ফলাফলের মাধ্যমে রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয়লাভ করে জামায়াত আলোচনায় এসেছে। অপরদিকে একটি আসনে এনসিপির জয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে রংপুরকে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হলেও এবারের নির্বাচনে দলটির ভরাডুবি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
১৩৮ বার পড়া হয়েছে