বিএনপি ২১০ আসনে জয়ী
একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করল দেশ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ এবং নারী ও তরুণ ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ পুরো প্রক্রিয়াকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, স্থিতিশীল সরকার ও পরিবর্তনের প্রত্যাশাই ভোটের ফল নির্ধারণে বড় প্রভাব ফেলেছে।
বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১০টিতে জয় নিশ্চিত করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, গণঅধিকার পরিষদ ১টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
তবে সরকারি সংস্থাগুলোর প্রাথমিক সমন্বিত হিসাব কিছুটা ভিন্ন চিত্র দেখাচ্ছে। সেখানে বিএনপি ২০২, জামায়াতে ইসলামী ৬৪, এনসিপি ৫, গণঅধিকার ২ এবং বাংলাদেশ খেলাফত মজলিস ১টি আসনে এগিয়ে রয়েছে বলে জানানো হয়। আরও ১২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভের দ্বারপ্রান্তে।
ভোটগ্রহণ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন বলেন, তাদের দল দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।
৩০০ আসনের জাতীয় সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। দুই-তৃতীয়াংশের বেশি আসন অর্জন করলে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণও সম্ভব হয়। এবারের নির্বাচনের সঙ্গে সমান্তরালে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ বিষয়ক গণভোট। সর্বশেষ প্রাপ্ত তথ্যে এতে ‘হ্যাঁ’ ভোট উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রস্তাবটি পাস হলে এককক্ষবিশিষ্ট সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট কাঠামোয় রূপান্তরের পথ খুলবে বলে জানা গেছে।
১৩০ বার পড়া হয়েছে