সর্বশেষ

সারাদেশ

খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা সদর উপজেলার আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের উত্তেজনার মধ্যে মহিবুজ্জামান কচি (৬০) নামে খুলনা মহানগর বিএনপির এক সাবেক নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাসা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৮টার দিকে আলিয়া মাদ্রাসা একাডেমিক ভবন কেন্দ্রের অদূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামায়াত সমর্থকদের ধাক্কায় মহিবুজ্জামান কচি গাছের সঙ্গে আঘাত পেয়ে মারা যান।

তবে কেন্দ্রের দায়িত্বে থাকা সদর থানা পুলিশের এসআই খান ফয়সাল রাফি বলেন, উত্তেজনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, সেখানে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। একজনকে অসুস্থ অবস্থায় সিএনজিতে করে নিয়ে যেতে দেখা গেছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে, তাই এ বিষয়ে তার কিছু বলার নেই।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পার্থ রায় জানান, মহিবুজ্জামান কচিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, জামায়াত নেতার ধাক্কায় তার দলের নেতা নিহত হয়েছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

অন্যদিকে খুলনা-২ আসনে জামায়াত প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম বলেন, মহিবুজ্জামান কচি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় জামায়াতকে জড়ানো দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট অধ্যক্ষ জামায়াতের কেউ নন।

খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, তিনি অন্য কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার সময় কিছু বিশৃঙ্খলা লক্ষ্য করেন। তবে কাউকে ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন