কলাপাড়ায় শান্তিপূর্ণ ভোট, জাল ভোটের চেষ্টা রুখেছে পুলিশ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।
সকাল সাড়ে ৭টা থেকে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় এবং এটি চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা করার অভিযোগে তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগ সিকদার (৪৬)কে আটক করেছে পুলিশ।
একই সঙ্গে সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলাল হোসেন (৪৬)কে আটক করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছে এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
২৫২ বার পড়া হয়েছে