বগুড়ায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৫৫ শতাংশ
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়া জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকেই জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রিটার্নিং অফিসারের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত জেলায় গড়ে ৩৮ দশমিক ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জেলার ৯৮৩টি ভোটকেন্দ্রের প্রতিটিতে নির্ধারিত সময়েই ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। নারীসহ সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।
আসনভিত্তিক হিসাবে বগুড়া-২ আসনে সর্বোচ্চ ৪৫ শতাংশ ভোট পড়েছে। এছাড়া বগুড়া-৭ আসনে ৪০ দশমিক ৯০ শতাংশ, বগুড়া-৪ আসনে ৩৮ দশমিক ৪৮ শতাংশ, বগুড়া-৩ আসনে ৩৭ দশমিক ৩৭ শতাংশ, বগুড়া-৬ আসনে ৩৭ দশমিক ৩৪ শতাংশ, বগুড়া-১ আসনে ৩৬ দশমিক ৩৮ শতাংশ এবং বগুড়া-৫ আসনে ৩৪ দশমিক ৪০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন বলেন, “এখন পর্যন্ত জেলার সর্বত্র সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ভোটাররা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারছেন।”
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, বিকেলের দিকে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।
১৫২ বার পড়া হয়েছে