জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৯
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা তার সমর্থকদের নিয়ে কলেজ এলাকায় গেলে সেখানে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের ‘ধানের শীষ’ প্রতীকের কর্মী-সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে আহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার আল হামজা (৩০), তানজিদ (২৯), সোহাগ (২৪), রোহান (২৬), আব্দুল্লাহ (২৬), পাঁচবিবির তৌফিক হোসেন (২৬), জয়পুরহাট শহরের রোমান হোসেন (৩৯), রাজিব হোসেন (৪০) ও আল আমিন (৩৫)।
স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার অভিযোগ করেন, তিনি কলেজ কেন্দ্রে বুথ পরিদর্শনে গেলে বিএনপি প্রার্থীর সমর্থকরা তাকে বাধা দেন এবং হেনস্তা করেন। পরে তার সঙ্গে থাকা কর্মীরা এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তার দেবরসহ কয়েকজন গুরুতর আহত হন।
অন্যদিকে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের ছোট ভাই ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান পাল্টা অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী বহিরাগতদের এনে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। স্থানীয়রা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সবাই বর্তমানে আশঙ্কামুক্ত।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত আছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
১১৪ বার পড়া হয়েছে